২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮ জন।

দেশে ২৪ ঘণ্টায় হামে এবং হামের লক্ষণ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদের মধ্যে হামে একজনের এবং হামের লক্ষণ নিয়ে চারজনের মৃত্যু হয়।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মৃত্যু হয়েছে ৪৪ জনের। আর ২২০ জনের মৃত্যু হয়েছে হামের লক্ষণ নিয়ে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১০৩ জনের মৃত্যু হয় ঢাকায়; আর ৬৯ জন মারা গেছেন রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গিয়েছেন ১ হাজার ৩৫৮ জন। এরমধ্যে ১ হাজার ৮ জনকে ভর্তি নেওয়া হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪৬৫ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৩ জন ভর্তি হয়েছেন রংপুরে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৩৩ হাজার ৩৮৬ জন। এদের মধ্যে ৪ হাজার ৬৯৩ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে গত ২০ এপ্রিল থেকে সারাদেশে ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকাদানের কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে আট বিভাগে এ পর্যন্ত ৮৪ লাখ ২২ হাজার ৭৩০ জন শিশু টিকা পেয়েছে।