“একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতককে জয় করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘ওয়ার্ল্ড হাইপারটেনশন সচেতনতা সপ্তাহ’। এর অংশ হিসেবে ১৭ মে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষে গতকাল সোমবার কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল (সিআইএমসিএইচ)-এর উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ-এর গভর্নিং বডির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম।
প্যানেলিস্ট হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ও গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুসলিনা আখতার, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল ইসলাম এবং কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. এনামুল হক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ-এর অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আকরাম পারভেজ চৌধূরী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ-এর অধ্যক্ষ মিসেস ইলা দাশ এবং ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি অ্যান্ড হেলথ-এর সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন।
বৈজ্ঞানিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. আখতারুল ইসলাম চৌধুরী এবং মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আরফানা ইয়াছমিন।