মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের ক্ষমতা গ্রহণের ২৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) ঢাকার একটি অভিজাত হোটেলে ঢাকাস্থ মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুথাইনা এল কেরদৌদি এল কুলালির আমন্ত্রণে এই উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদের প্রতি লিখিত একটি বিশেষ শুভেচ্ছা বার্তা মান্যবর রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন মিয়া গোলাম পরওয়ার। শুভেচ্ছা বার্তায় মরক্কোর মহামান্য রাজার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও শুভকামনা জানানোর পাশাপাশি আগামী দিনে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক কোরের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং সুধীজনদের সাথে কুশল বিনিময় ও নানা দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন মিয়া গোলাম পরওয়ার।

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।