ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংরক্ষিত নারী আসনের ভোট শেষ হওয়ার পর এবার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদসহ পাঁচ স্তরের নির্বাচনের আগে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা হালনাগাদের উদ্যোগ নিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে।
ইসি সূত্রে জানা গেছে, এবার স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় নতুন বাস্তবতায় ভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন বন্ধ করে দেয়। পরে সংসদে সেই অধ্যাদেশ আইনে পরিণত হওয়ায় নির্দলীয় ভিত্তিতে নির্বাচন আয়োজনের পথ আরও সুস্পষ্ট হয়েছে।
সম্প্রতি জেলা প্রশাসক সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জেলা প্রশাসকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
ইসি কর্মকর্তারা বলছেন, নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রাখতে স্থানীয় সরকার নির্বাচনের পরিচালনা ও আচরণ বিধিমালায় সংশোধন আনা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্তরের নির্বাচনী বিধিমালার খসড়া হালনাগাদের কাজ শুরু হয়েছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে এবং বিধিমালা চূড়ান্ত হলেই ধাপে ধাপে তফসিল ঘোষণা করা হবে।
বর্তমানে অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধির অনুপস্থিতিতে এসব প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ব্যবস্থা চালু রয়েছে। তবে এখনো কোন স্তরের নির্বাচন আগে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইসি।
ইসির একটি অংশ মনে করছে, একসঙ্গে বিপুল সংখ্যক ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই প্রাথমিকভাবে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন দিয়ে প্রক্রিয়া শুরু করার চিন্তাও রয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, কোন স্তরের নির্বাচন আগে হবে তা এখনো নির্ধারিত হয়নি; কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে।