গতকাল শুক্রবার বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ (বাকাশিপ)-এর উদ্যোগে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজের সভাপতিত্ব উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম। জুলাই মাসের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, কারিগরি শিক্ষা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত এবং সরকারের কাছেও এর বিশেষ অগ্রাধিকার রয়েছে। তিনি বলেন, জ্ঞান অর্জন ও তার যথাযথ বাস্তবায়নের পাশাপাশি নৈতিকভাবে প্রতিটি নাগরিককে দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে সকল জেলা ভিত্তিক বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষেদের আওতায় সকল কারিগরি শিক্ষককে ঐক্যবদ্ধ করার আহবান জানান।

তিনি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা যুবসমাজকে আত্মনির্ভরশীল ও দক্ষ করে গড়ে তুলতে প্রধান ভূমিকা পালন করে উল্লেখ করে দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষা সম্প্রসারণের উপরে গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের গড়িমসির তীব্র সমালোচনা করে বলেন, সরকারের এই টালবাহানা জনগন প্রত্যাখ্যান করছে। তিনি দেশের সামগ্রিক উন্নয়নে শিক্ষার মাধ্যমে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা পূরণের লক্ষ্য প্রতিটি অঞ্চলে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার আহবান জানান। প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শিক্ষা গ্রহণের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষক পরিষদের সংগঠন গড়ে তুলতে হবে। কারিগরি শিক্ষকদের পেশাগত সমস্যা সমাধান এবং নিয়োগ সংক্রান্ত সেবা দ্রুত নিশ্চিত করার শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, যে বৈষম্য দূর করার জন্য দেশের মানুষ জীবন দিলো, যার বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেলাম বর্তমান সরকার সেই বৈষম্যই আবার ফিরিয়ে আনছে। মেধা এবং যোগ্যতার মূল্যায়ন না করে দেশের সকল জেলায় জেলা প্রশাসক, বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার দলীয় লোকজন নিয়োগ দিচ্ছে। যা শহীদদের আকাঙ্খার পরিপন্থী।

সভার সভাপতি বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ অতিথিবৃন্দের নিদের্শনার আলোকে কারিগরি শিক্ষার সকল ধারার শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ করার আশ্বাসের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন, কারিগরি শিক্ষক পরিষদের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি