নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করতে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে কিশোরগঞ্জে সফরে যাচ্ছেন আগামী কাল রোববার। এটা কিশোরগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী হিসেবেও প্রথম সফর।
সফর উপলক্ষে কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলা কিশোরগঞ্জ সদর, কটিয়াদী ও পাকুন্দিয়ায় থাকছে নানা কর্মসূচি। এর মধ্যে পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন তিনি। এছাড়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
তার সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা শহর, কটিয়াদী ও পাকুন্দিয়ার রাস্তাঘাট এবং বিভিন্ন স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে কিশোরগঞ্জ সার্কিট হাউস।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের সই করা সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী, সকাল ৯টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।
দুপুর ১২টায় কটিয়াদী উপজেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। তারপর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে যাবেন। সেখানে বেলা ১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।
দুপুর পৌনে ২টায় তিনি কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে বেলা ২টায় তার সরকারের নেয়া কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।
বিকেল ৩টায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সার্কিট হাউসে যাবেন। ১৫ মিনিট সেখানে অবস্থানের পর বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরাতন জেলখানা সংলগ্ন পুরাতন স্টেডিয়ামে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান দেয়া এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী দেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রী হওয়ার আগে সর্বশেষ গত ২২ জানুয়ারি ২০২৬ কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্টেডিয়াম নির্বাচনী জনসভায় এসেছিলেন তারেক রহমান। ওই জনসভায় তিনি কিশোরগঞ্জের ছয়টি আসনে বিএনপির ছয় প্রার্থীকে জনগণের সাথে পরিচয় করিয়ে দেন।
এর আগে ১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জের ভৈরব কুরিয়ারচরে আসেন তারেক রহমান। ওই সময় বিএনপি নেতা ও বর্তমানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলমকে সাথে নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে বেশ কয়েকটি পথসভায় অংশ নেন তিনি।
তবে কিশোরগঞ্জ জেলা শহরে এবারই প্রথম কোনো অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে আসছেন তারেক রহমান।
সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৮টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।