জনকল্যাণ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার ও গণমুখী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
তিনি বলেন, দেশের বর্তমান সময়ে সাধারণ মানুষ নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে জীবনযাপন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে মানুষের অস্বস্তি বাড়ছে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তার প্রয়োজনীয়তাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল ও গণমুখী করতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডস্থ অঞ্চল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল আয়োজিত জেলা ও মহানগর সমাজকল্যাণ বিভাগের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরিশাল বিভাগের ছয় জেলা ও বরিশাল মহানগরীর সমাজকল্যাণ বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন জেলা ও মহানগরীর সমাজকল্যাণ বিভাগের দায়িত্বশীলরা অংশ নেন।
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সমাজের অসহায়, দরিদ্র, বঞ্চিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি গুরুত্বপূর্ণ সামাজিক ও নৈতিক দায়িত্বও। জনগণের দুঃখ-কষ্টকে নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করে তাদের পাশে দাঁড়াতে হবে। পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ন্যায়ভিত্তিক সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জনগণের আস্থা অর্জন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এবং তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখার মাধ্যমেই সেই আস্থা অর্জন সম্ভব। সমাজকল্যাণ বিভাগের দায়িত্বশীলদের শুধু সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে এলাকার মানুষের বাস্তব সমস্যা চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী সহযোগিতার উদ্যোগ নিতে হবে।
সমাজের অসহায় মানুষের জন্য নিয়মিত চিকিৎসা সহায়তা, শিক্ষা সহযোগিতা, কর্মসংস্থানমুখী উদ্যোগ, দুর্যোগ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
কেন্দ্রীয় মজলিসে শূরা ও বরিশাল অঞ্চল টিমের সদস্য এ.কে.এম ফখরুদ্দিন খান রাযীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরীর সমাজকল্যাণ বিভাগের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ এবং সমসাময়িক সামাজিক সমস্যা মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সমাবেশ থেকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সমাজকল্যাণ বিভাগের দায়িত্বশীলদের আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।