বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, বিএনপি ৬ মাসে ১ কোটি লোকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মাত্র ৬ মাসের মধ্যে ৬০ লাখ কর্মজীবী মানুষকে বেকারত্ব উপহার দিয়েছে।

তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। অথচ ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় ৬০ লাখ কর্মজীবী মানুষ বেকার হয়েছেন। গ্যাস-বিদ্যুতের সংকটে কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকারত্বের হার ক্রমেই বাড়ছে। একই সঙ্গে সারের কৃত্রিম সংকটের কারণে কৃষক প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ফলে কৃষি উৎপাদনেও বিপর্যয় দেখা দিতে শুরু করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার শ্রম বিভাগের উদ্যোগে আয়োজিত ‘শ্রমিক সংযোগ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের পাশাপাশি শ্রমিক সমাজও রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ আন্দোলনে অনেক শ্রমিক শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে শ্রমিকদের রক্তের দাগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও শ্রমিক সমাজ বরাবরই শোষিত হয়ে আসছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কোনো সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং বিভিন্ন সরকার শ্রমিকদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।

তিনি আরও বলেন, যতদিন মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হবে, ততদিন সমাজের খেটে খাওয়া মানুষ শোষণের শিকার হতে থাকবে। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি শ্রমজীবী মানুষের প্রতি ভূমিকা রাখার আহ্বান জানান।

ড. হেলাল উদ্দিন বলেন, বৈষম্যহীন, মানবিক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাসব্যাপী গণসংযোগ অভিযান শুরু করেছে। এ কর্মসূচির মাধ্যমে প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে সুখী-সমৃদ্ধ, বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পল্টন থানা শ্রম বিভাগের সভাপতি শামীম হাসনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম ও সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব। এছাড়া বক্তব্য দেন পল্টন থানা কর্মপরিষদ সদস্য আফম ইউসুফ, নজরুল ইসলাম মজুমদার, আল আমিন রাসেল প্রমুখ।

অনুষ্ঠানে অর্ধশতাধিক শ্রমজীবী মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় প্রধান অতিথি ড. হেলাল উদ্দিন তাদের মাথায় টুপি পরিয়ে দলে বরণ করে নেন।