জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

তিনি বলেন, আল্লাহকে পাওয়ার জন্য রাসূল (সা.)-এর সুন্নাহকে ধারণ করতে হবে। নামাজ থেকে শুরু করে খাওয়ার টেবিল—জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.) যেভাবে চলার নির্দেশনা দিয়েছেন, সেভাবেই আমাদের জীবন পরিচালনা করতে হবে।

Maulana Abdul Halim.

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহ মহানগর জামায়াত আয়োজিত সিরাত মাহফিল ও বইপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম বলেন, আল্লাহর পথে জিহাদ না করা, ইসলাম প্রতিষ্ঠার কাজে অংশ না নেওয়া এবং প্রয়োজনীয় ত্যাগ স্বীকার না করলে রাসূল (সা.)-এর পূর্ণাঙ্গ অনুসরণ করা হয় না। তাই নিজেদের পাশাপাশি শিশুদেরও রাসূল (সা.)-এর সুন্নাহ ও আদর্শ সম্পর্কে শিক্ষা দিতে হবে।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়া।

এ ছাড়া বক্তব্য দেন আল্লামা আবদুল মোমেন নাসেরী, পীর সাহেব মিরসরাই; বিশিষ্ট মুফাসসির মাওলানা মো. নাসির উদ্দিন হেলালী, ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দসহ অন্যরা।

অনুষ্ঠানে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বইপাঠ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে নির্ধারিত সিরাতগ্রন্থের ওপর ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ মহানগর জামায়াতের সব রুকন অংশগ্রহণ করেন।