বর্তমানে ক্ষমতা জনগণের সেবার পরিবর্তে আয়ের হাতিয়ারে পরিণত হয়েছে এবং রাজনীতি রমরমা বাণিজ্যে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, প্রতিটি স্তরে উপর থেকে নিচ পর্যন্ত ভাগবাটোয়ারার সংস্কৃতি গড়ে উঠেছে। ফলে উন্নয়ন কর্মকাণ্ড এবং নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি দাবি করেন, এ ধরনের দুর্নীতির নজির পৃথিবীর অন্য কোনো দেশে নেই।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর বছিলা সড়ক সংলগ্ন একটি রেস্তোরাঁয় মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, জলাবদ্ধতার কারণে রাজধানীর অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল নষ্ট হয়, যা দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে। জুলাই-আগস্ট বর্ষাকাল হওয়া সত্ত্বেও সরকার আগাম কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করেনি। নগর পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আগে থেকেই এ বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকলেও সংশ্লিষ্টদের দৃশ্যমান উদ্যোগ নেই।
যানজট নিরসনে উন্নত বিশ্বের আদলে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব।
স্বাস্থ্য খাতের সমালোচনা করে সেলিম উদ্দিন বলেন, সরকারি হাসপাতালেও বাণিজ্যিক মনোভাব কাজ করছে। অর্থের বিনিময়ে শয্যা পাওয়া যায়, অনেক প্রয়োজনীয় পরীক্ষা সরকারি হাসপাতালে করা সম্ভব হয় না। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে বেশি খরচে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যায়।
তিনি বলেন, বর্জ্য পুনর্ব্যবহার (রিসাইক্লিং) করে পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।
নিজেদের সামাজিক কার্যক্রম তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, লাইফ সাইকেল বিডি-এর মাধ্যমে জরুরি ভিত্তিতে নগরবাসীর জন্য রক্ত সরবরাহ করা হচ্ছে। এছাড়া জামায়াত ঢাকা মহানগর উত্তর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে।
তিনি আরও জানান, ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমের মাধ্যমে কয়েক হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবাও প্রদান করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, মোহাম্মদপুর পশ্চিম থানার আমীর মোহাম্মদ মাসুদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।