জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে ‘JUCSU Job Fair & Career Summit 2026’-এর অংশ হিসেবে ‘Road to Corporate’ শীর্ষক ক্যারিয়ার কাউন্সেলিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সেশন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের কর্পোরেট জগতে প্রবেশের প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা অর্জন, নিয়োগ প্রক্রিয়া, সিভি প্রস্তুতি, পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক ও মাইক্রোসফটের একাধিক প্রকল্প বাস্তবায়নকারী ট্রেইনার ও ম্যানেজমেন্ট কনসালটেন্ট মাশাহীদ হাসান সীমান্ত, HR Business Partner, Talent Management & Recruitment Professional এবং CV Writing Trainer মুবতাসিন কবির এবং Data Solution 360 LTD-এর Founder & CEO নাজমুস সাকিব।

সেশনের শুরুতে মাশাহীদ হাসান সীমান্ত ‘গোল সেটিং অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং’ বিষয়ে আলোচনা করেন। কর্পোরেট ক্যারিয়ারে প্রবেশের আগে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন, নিজেদের পেশাদার প্রোফাইল হিসেবে গড়ে তোলা এবং নিয়োগদাতাদের প্রত্যাশা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

পরে CV Writing, Recruitment Process, Talent Management, Communication Skill, Professional Development ও Career Preparation-এর বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন আলোচকরা। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। এতে সেশনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

জাকসু কার্যকরী সদস্য নাবিলা বিনতে হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির বাজার ও কর্পোরেট জগতের বাস্তবতা সম্পর্কে প্রস্তুত করা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করাই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, “‘রোড টু কর্পোরেট’ সেশনটি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন থেকে পেশাজীবনে প্রবেশের পথকে আরও সুস্পষ্ট করার একটি প্রয়াস। আলোচকদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান, পরিবেশ সম্পাদক সাফায়েত মীর, পরিবহণ সম্পাদক তানভীর রহমান, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন, কার্যকরী সদস্য ফাবলিহা জাহানসহ জাকসু ও হল সংসদের অন্যান্য সদস্যরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের আয়োজনে এবং Brilliant Brains Valley-এর সহযোগিতায় অনুষ্ঠিত এ সেশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।