স্টাফ রিপোর্টার

১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘœভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগরী উত্তর, গাজীপুর মহানগরী ও জেলা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া জেলা ও মহানগরী, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা এবং রংপুর জেলা ও মহানগরীর নেতৃবৃন্দ ছাড়াও ছাত্র ও শ্রমিক কল্যাণ সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

লংমার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন বলে সভায় জানানো হয়।

সভায় লংমার্চ সফল করতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ এবং মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর পর্যন্ত মানবপ্রাচীর গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ সফল করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভায় সংশ্লিষ্ট জেলা ও মহানগরীর দায়িত্বশীলরা লংমার্চ সফল করতে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি প্রস্তুতি সভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে কর্মসূচির প্রস্তুতি এগিয়ে নেওয়ার জন্য সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বগুড়া অঞ্চল পরিচালক এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগরী আমীর অধ্যাপক জামাল উদ্দিন, রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, রংপুর জেলা আমীর মো. গোলাম রব্বানী, বগুড়া মহানগরী আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা আমীর মো. আব্দুল হক, পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল, গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম, জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাঈদ, টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ ও সিরাজগঞ্জ জেলা আমীর মো. শাহিনুর আলমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।