জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

গত সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম, কুষ্ঠরোগ চিকিৎসা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া নিপ্পন ফাউন্ডেশনের দীর্ঘদিনের মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগের চিকিৎসা ও প্রতিরোধে সংস্থাটির অভিজ্ঞতা ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের বিষয়ও বৈঠকে তুলে ধরা হয়। রোহিঙ্গাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান এবং তাদের আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার বিষয়ে সংস্থাটির কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন তারা।

বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ভবিষ্যতে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং বাংলাদেশের দরিদ্র মানুষের কল্যাণে আরও উন্নয়ন ও মানবিক প্রকল্প নিয়ে এগিয়ে আসার জন্য নিপ্পন ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে নিপ্পন ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাসও দেন জামায়াতে ইসলামীর আমীর।

এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে রোহিঙ্গা সংকট, মানবিক সহায়তা এবং বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভবিষ্যৎ উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার সম্ভাবনা নিয়ে গুরুত্ব দেওয়া হয়।