রাজশাহী ব্যুরো : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে ভোটদাতারা তিন মাসেই হতাশ হয়ে পড়েছে। সারজিসের মতে, বিএনপি এখনকার রাজনীতি করে আগামীর বাংলাদেশে টিকে থাকতে পারবে না। শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এনসিপিতে কর্মী যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন। সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে বিএনপিকে ৫০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। তিন মাস যেতে না যেতেই তারা হতাশ হয়েছেন। তারা মনে করছে, বিএনপি প্রতারণা করছে। এদিকে সরকারের দেয়া কার্ডে টাকা না এলে সরকারকে লালকার্ড দেখানো হবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘কার্ডে টাকা না এলে আমরাও একটা কার্ড বানাবো। সেই কার্ড হবে লালকার্ড, যা আমরা সরকারকে দেখাব।’ নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। যদি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে সীমান্তে কীভাবে খুন হয়।’ নদীতে পানি না থাকায় খাল খননেরও সমালোচনা করেন তিনি। নাসীরুদ্দীন বলেন, ‘আমাদের জীবন বাঁচাতে হলে পানি দরকার। রাজশাহীবাসীকে বলবো, যদি পদ্মা নদীতে পানি না আসে, আপনারা ঢাকায় যাবেন, ভারতের দিকে লংমার্চ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন আহমেদ, সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন প্রমুখ।
রাজনীতি
রাজশাহীতে সারজিস আলম
বিএনপিকে ভোটদাতারা তিন মাসেই হতাশ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপিকে ভোটদাতারা তিন মাসেই হতাশ হয়ে পড়েছে।