ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান। আজ (২৪ মে) রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের আগস্ট পরবর্তী সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে বিভিন্ন অভিযোগে ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলবের পর তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগে বাধ্য হন। এরপর ড. জুবায়দুর রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়।

এদিকে, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আন্দোলনের মুখে আজ রোববার (২৪ মে) ব্যাংকটির পূর্ব নির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। তিনি বর্তমানে ৩১ মে পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন।

চেয়ারম্যানের পদত্যাগ ও বোর্ড সভা স্থগিত হওয়ায় ব্যাংকটির প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সাথে ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গ্রাহক ও আমানতকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।