কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম শাখা টংগিবাড়ী, মুন্সীগঞ্জ-এর শুভ উদ্বোধন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কর্মসংস্থান ব্যাংক এর চেয়ারম্যান এবং সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে টংগিবাড়ীস্থ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের সচিব জনাব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া মুন্সীগন্জ-০২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী স্বাগত বক্তব্যে ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে অতিথিবৃন্দকে অবহিত করেন।

প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার তাঁর বক্তব্যে ব্যাংক খাতে ভালো-মন্দ দুটি চিত্রের মধ্যে কর্মসংস্থান ব্যাংক-এ তুলনামূলক ভালো চিত্র বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেন। তিনি এ অর্জন ধরে রাখার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টির আহবান জানান।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হানিফ মিয়া এবং মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী।

ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সভাপতির বক্তব্যে টংগিবাড়ী শাখার উদ্বোধনকে কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেন। এই শাখার আর্থিক সহায়তা নিয়ে স্থানীয় যুবসমাজ, নারী উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব মো: মোস্তফা কামাল মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা, মহাব্যবস্থাপক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা, মো: আমিরুল ইসলাম, প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় উপমহাব্যবস্থাপক, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে টংগিবাড়ী শাখার উদ্যোক্তাদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ঋণের চেক হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।