ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম বর্তমান সরকারের সময়ে দুই দফায় ৫৯৯ টাকা বাড়িয়ে আজ মঙ্গলবার কমানো হলো ৫৫ টাকা।

আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানিয়েছে, জুন মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৮৯ দশমিক ৫০ টাকা থেকে কমে হয়েছে ৮৬ দশমিক ৯৩ টাকা।

গত জানুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিলো এক হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকার এপ্রিলের শুরুতে দাম বাড়ালে এক লাফে ৩৬৮ টাকা বেড়ে দাম চলে যায় ১ হাজার ৭২৮ টাকায়। এর ২ সপ্তাহ পর আরও ২১২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৯৪০ টাকা।

এর আগে ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত।

এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।