গাজীপুর মহানগরের ভোগরা বাসন সড়ক এলাকায় অবস্থিত আলেমা টেক্সটাইল মিলে হঠাৎ একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও দুর্বলতাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে অন্তত ৩০ জন শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়।
কারখানার কর্তৃপক্ষ জানান, প্রতিদিনের মতো সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। তবে সকাল ১০টার দিকে কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানোর সময় আরও অনেকে মাথা ঘোরা ও দুর্বলতা অনুভব করে মেঝেতে পড়ে যান। পরে অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে প্রায় ৩০ জনে দাঁড়ায়।
তিনি আরও বলেন, 'কেন শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
অসুস্থ শ্রমিকদের চিকিৎসক জানান, হাসপাতালে আনা শ্রমিকদের অনেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, কারখানার বাথরুমে যাওয়ার পর থেকেই অনেকে অসুস্থ্যবোধ করেন এবং পরে মাথা ঘুরে পড়ে যান।
এদিকে কারখানার কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে অতিরিক্ত কাজের চাপের কারণে অনেক শ্রমিক শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তারা জানান, গত কয়েকদিন ধরে দিন-রাত মিলিয়ে দীর্ঘ সময় কাজ করতে হচ্ছে, যা শ্রমিকদের শারীরিক সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
ঘটনার পর কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে একদিনের ছুটি ঘোষণা করে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, আলেমা টেক্সটাইলের কয়েকজন শ্রমিক অসুস্থ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে শ্রমিকদের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে এবং কারখানার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি উল্লেখ করেন।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।