মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ আটককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারের তেলের মূল মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম শুক্রবার ভোরে প্রতি ব্যারেল ১০৬ ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে রাখা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের ফলেই এ মূল্যবৃদ্ধি ঘটেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, গ্রিনিচ মিন টাইম (GMT) ১.০০ টার সময় ব্রেন্ট ক্রুডের বাজারমূল্য দাঁড়ায় ১০৬ ডলার ৮০ সেন্টে। যা গত বুধবারের সমাপনী মূল্যের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি।

উল্লেখ্য, গত বুধবারই গত দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো তেলের দাম ১০০ ডলারের গণ্ডি পেরিয়েছিল।