আল-জাজিরা : জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল সোমবার ভূমিকম্পের পরপরই দেশটির কর্তৃপক্ষ উপকূলীয় এলাকায় ৩ মিটার বা ১০ ফুট উচ্চতার সুনামি সতর্কতা জারি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৫৩ মিনিটে ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় জলসীমায় এই ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে । জেএমএ সতর্ক করে জানিয়েছে, সুনামির প্রথম ঢেউগুলো উত্তর উপকূলের কিছু অংশে তাৎক্ষণিকভাবে আঘাত হানতে পারে। উপকূল ও নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে, বিশেষ করে উঁচু এলাকা বা নির্ধারিত আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-এর সরাসরি সম্প্রচারে ইওয়াতের কয়েকটি বন্দরে তাৎক্ষণিক বড় ধরনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়নি। তবে হতাহতের ঘটনা বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, সরকার একটি সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে। তিনি বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশই এই দেশটিতে ঘটে। ২০১১ সালের ৯ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়।