মিডল ইস্ট আই, রয়টার্স
সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ পদক্ষেপকে ‘চমৎকার’ হিসেবে আখ্যায়িত এবং এর ফলে তেলের বাজার স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, আমিরাতের এ সিদ্ধান্তের ফলে তা কমতে পারে। এর প্রভাবে জ্বালানি তেল ও পেট্রলের (গ্যাসোলিন) দামও কমে আসবে বলে তিনি মনে করেন।
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, শেষ পর্যন্ত এটি পেট্রল ও তেলের দাম কমানোর জন্য ভালো একটি উদ্যোগ হবে। সবকিছুই এর মাধ্যমে সস্তায় পাওয়া সম্ভব হবে।’ উল্লেখ্য, আরব আমিরাত হঠাৎ করেই ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ওই ঘোষণা দিয়েছে। এটি বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে এটি বড় ঘটনা। ১৯৭১ সালে জাতিরাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের আগে থেকেই তারা ওপেকের সদস্য ছিল। উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোর এই সংগঠন কয়েক দশক ধরে উৎপাদন বাড়ানো-কমানো এবং সদস্যদের জন্য কোটা নির্ধারণের মাধ্যমে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করেছে। ১৯৭০-এর দশকের তেলসংকটে ওপেকের ভূমিকার কল্যাণে বৈশ্বিক জ্বালানিনীতি আমূল বদলে যায়। ওপেকের উৎপাদনে সৌদি আরবের প্রাধান্য থাকলেও অতিরিক্ত উৎপাদন সক্ষমতার দিক থেকে ইউএই ছিল দ্বিতীয় অবস্থানে।