তাস
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন চলতি বছরের প্রথমার্ধেই চীন সফর করবেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। গত মঙ্গলবার শুরু হওয়া বেইজিং সফর শেষে বুধবার এ তথ্য জানান তিনি। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসসহ বিভিন্ন গণমাধ্যমকে ল্যাভরভ বলেন, সফরের কর্মসূচি এখনও চূড়ান্ত না হওয়ায় বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না। তবে এ সফরের মধ্য দিয়ে ২০০১ সালের জুলাইয়ে স্বাক্ষরিত চীন-রাশিয়া মৈত্রী চুক্তির নবায়ন হবে। তিনি আরও জানান, পুতিনের আসন্ন সফরের কর্মসূচি প্রণয়নে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে মস্কো।
দুদিনের সফরে ল্যাভরভ মঙ্গলবার তার চীনা সমকক্ষ ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন। এরপর বুধবার সকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বছর চীন-রাশিয়া কৌশলগত সমন্বয় অংশীদারত্বের ৩০ বছর এবং দুই দেশের মৈত্রী চুক্তির ২৫ বছর পূর্তি হচ্ছে। রাশিয়ার দৈনিক ভেদোমস্তি জানিয়েছে, পুতিনের এ সফর মে মাসের দ্বিতীয়ার্ধে হতে পারে। প্রাথমিকভাবে ১৮ মে’র সপ্তাহকে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।