তীব্র দাবানল ও বিষাক্ত ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ার বর্নিও দ্বীপের পন্টিয়ানাকসহ বিভিন্ন এলাকায় কয়েক ডজন স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতাসের মান অতিমাত্রায় খারাপ হওয়ায় শিক্ষার্থীদের অনলাইন বা বাসা থেকে পাঠদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পূর্ব জাভার ব্রোমো টেঙ্গার সেমেরু জাতীয় উদ্যানেও আগুন ছড়িয়ে পড়ায় পর্যটনকেন্দ্র ও আশপাশের এলাকা বন্ধ রাখা হয়েছে। ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে টানা নয় দিন ধরে কাজ করছেন দমকলকর্মীরা।
স্থানীয় ইংরেজি দৈনিক জাকার্তা গ্লোবের তথ্য অনুযায়ী, ৩ আগস্ট পূর্ব জাভার ব্রোমো টেঙ্গার সেমেরু ন্যাশনাল পার্কে এই দাবানলের সূত্রপাত হয়। দীর্ঘ ও তীব্র শুষ্ক মৌসুমের শুরুতে শুরু হওয়া এই আগুনে পার্কটির প্রায় ৭৪২ হেক্টর (১,৮৩৩ একর) বনভূমি পুড়ে গেছে। পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ এই ন্যাশনাল পার্কটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দাবানলের কারণে পূর্ব জাভার মাউন্ট ব্রোমোও পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বোর্নিও দ্বীপের পশ্চিম কালিমন্তানের রাজধানী পনতিয়ানাকেও শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের মধ্যে বিভক্ত এই দ্বীপটিতে বাতাসের মান খারাপ থাকা পর্যন্ত শিক্ষার্থীরা বাড়ি থেকেই তাদের শিক্ষাকার্যক্রম চালিয়ে যাবে।
দাবানল নিয়ন্ত্রণে আনতে দেশের বিভিন্ন প্রদেশে প্রায় ৫০ হাজার দমকলকর্মী ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী মোতায়েন করা হয়েছে। এই বিশাল উদ্ধার অভিযানে তাদের সহায়তা করছে বেশ কয়েকটি হেলিকপ্টার।