১. নজিবর রহমান সাহিত্যরত্ন ফাউন্ডেশন

গত ৮ এপ্রিল ২০২৬ ছিলো আজীবন সাহিত্য অন্তপ্রাণ লেখক, গবেষক, সমাজ সংস্কারক ও সংগঠক প্রফেসর মুহম্মদ মতিউর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ৪ এপ্রিল তিনি করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন এবং বনানী সামরিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়। গত ৯ এপ্রিল তাঁর প্রতিষ্ঠিত নজিবর রহমান সাহিত্যরত্ন ফাউন্ডেশনের উদ্যোগে মিরপুর পূর্ব শেওড়াপাড়ায় ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলামের বাসায় তাঁর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় তাঁর কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভা থেকে রাজধানী ঢাকা সহ সারাদেশে তাঁর স্মরণে প্রোগ্রাম করার আহ্বান জানানো হয়। মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং আনোয়ারা উপন্যাসের লেখক নজিবর রহমান সাহিত্যরত্নের নাতি এবং সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম হাসনাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দার্শনিক আবু মহি মূসা। বিশেষ অতিথি ছিলেন পেট্রোবাংলার জিএম, পিএইচডি গবেষক মোহাম্মদ বোরহানুদ্দীন, পাট মন্ত্রণালয়ের আইটি এক্সপার্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আলোচনায় অংশ নেন সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল মামুন, শাহ ওয়ালিউল্লাহ তাহের ও মোহাম্মদ শফি আলম। মরহুম প্রফেসর মুহম্মদ মতিউর রহমানের পরিবারের পক্ষ থেকে মরহুমের স্ত্রী বেগম খালেদা রহমান মোবাইলের মাধ্যমে স্মরণসভায় যুক্ত হয়ে দোয়া চান। সভায় ফররুখ গবেষণা ফাউন্ডেশন সহ দেশে বিদেশে তাঁর প্রতিষ্ঠিত সাহিত্য সংস্কৃতি সংগঠন ও কর্মকান্ড ব্যাপকভাবে আলোচিত হয় এবং বেশ কয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সহ তাঁর মাগফেরাতের জন্য দোয়া করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য প্রফেসর মতিউর রহমান ছিলেন দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম সাহিত্য সম্পাদক।

২. প্রফেসর মতিউর রহমান স্মরণে সিএনসির স্মরণ সভা ও পদক প্রদান

প্রফেসর মুহাম্মদ মতিউর রহমান এর ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) গত ২৮ এপ্রিল, রাত ৯টায় এক ভার্চুয়াল আলোচনা, দোয়া ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। সিএনসির নির্বাহী পরিচালক মাহবুবুল হক এর পরিচালনায় এবং সিএনসির সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন সিএনসির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট বদরুদ্দোজা। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ, প্রাবন্ধিক, গবেষক ও মতিউর রহমানের জীবনীকার মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে দুবাই থেকে ভার্চুয়ালি সংযুক্ত হন প্রফেসর মুহম্মদ মতিউর রহমানের ছেলে আহমেদুর রহমান এবং আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ আতিয়া ইসলাম। অনুষ্ঠানে বিশিষ্ট কবি, প্রবন্ধকার ও রম্যলেখক সৈয়দ মাসুদ মোস্তফাকে প্রফেসর মতিউর রহমান সিএনসি পদকে সম্মানিত করা হয়।