সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদনের সিদ্ধান্ত নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কয়েক বছর ধরে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পুরোনো বেতন কাঠামোর কারণে সরকারি চাকরিজীবীদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমেছে। সে বাস্তবতায় নতুন বেতন কাঠামোর অনুমোদন কর্মচারীদের জন্য স্বস্তির খবর। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির যে প্রস্তাব সামনে এসেছে, তা তাদের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তবে একটি পে-স্কেল কেবল সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয় নয়। এটি একই সঙ্গে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতি, বাজেট ব্যবস্থাপনা, বেসরকারি শ্রমবাজার, করদাতার অর্থ এবং সামগ্রিক অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। ফলে নতুন পে-স্কেলকে শুধু ‘বেতন বাড়ানোর সিদ্ধান্ত’ হিসেবে দেখলে এর প্রকৃত তাৎপর্য ধরা পড়বে না। বরং এটি এমন একটি সিদ্ধান্ত, যার সুফল যেমন আছে, তেমনি বাস্তবায়নে রয়েছে বড় ধরনের আর্থিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ।

অষ্টম জাতীয় পে-স্কেলের প্রায় এক দশক পর নবম জাতীয় পে-কমিশন গঠন এবং তার সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ এসেছে। ২০২৫ সালের জুলাইয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের পে-কমিশন গঠিত হয় এবং চলতি বছরের জানুয়ারিতে তারা প্রতিবেদন জমা দেয়। এরপর সুপারিশ বাস্তবায়নের কৌশল নির্ধারণে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি কাজ করে। অর্থাৎ নতুন পে-স্কেলের পেছনে একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। এত দীর্ঘ বিরতির পর নতুন বেতন কাঠামো কার্যকর হওয়া প্রয়োজন ছিল। কারণ বেতন কাঠামো দীর্ঘদিন অপরিবর্তিত থাকলে নামমাত্র বেতন বাড়তি মনে হলেও বাস্তবে মূল্যস্ফীতির কারণে তার ক্রয়ক্ষমতা ক্রমাগত কমে যায়।

নতুন কাঠামো বাস্তবায়নে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার যে সিদ্ধান্তের কথা বলা হয়েছে, সেটি বিশেষভাবে ইতিবাচক। সরকারি চাকরিতে একই হারে বেতন বৃদ্ধি করলেই সবার ওপর তার প্রভাব একই হয় না। উচ্চ বেতনের একজন কর্মকর্তার জন্য কয়েক হাজার টাকা অতিরিক্ত আয় যেমন, নিম্ন বেতনের একজন কর্মচারীর জন্য একই অঙ্কের অর্থ তেমন নয়। নিম্ন গ্রেডের কর্মচারীদের একটি বড় অংশকে ভাড়া, খাদ্য, চিকিৎসা, সন্তানদের শিক্ষা এবং দৈনন্দিন জীবনযাত্রার মৌলিক ব্যয় বহন করতে হয় সীমিত আয়ের মধ্যে। মূল্যস্ফীতি তাদের প্রকৃত আয়কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। তাই নতুন পে-স্কেলে নিম্ন আয়ের কর্মচারীদের তুলনামূলক বেশি অগ্রাধিকার দেওয়া সামাজিক ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকেও যৌক্তিক। এ ক্ষেত্রে সরকারের নীতির মূল লক্ষ্য হওয়া উচিত শুধু ‘বেতন কত শতাংশ বাড়ল’ তা নয়; বরং একজন কর্মচারীর প্রকৃত জীবনযাত্রার মান কতটা উন্নত হলো, সেটি নিশ্চিত করা।

নতুন পে-স্কেলের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রশ্ন এখানেই। বেতন বাড়লে সরকারি কর্মচারীদের ক্রয়ক্ষমতা বাড়বে। এটি অর্থনীতিতে চাহিদা বাড়াতে পারে, যা একদিকে ব্যবসা ও উৎপাদনের জন্য ইতিবাচক। কিন্তু অন্যদিকে অর্থনীতির উৎপাদন ক্ষমতা একই হারে না বাড়লে অতিরিক্ত চাহিদা মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে পারে। বিশেষ করে খাদ্য, বাসাভাড়া, পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যদি সরবরাহ সংকটে থাকে, তাহলে বেতন বৃদ্ধির একটি অংশ শেষ পর্যন্ত বাজারদরের বৃদ্ধিতে শোষিত হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ এক হাতে বেতন বাড়িয়ে অন্য হাতে যদি জীবনযাত্রার ব্যয় আরও বাড়ে, তাহলে কর্মচারীরা কাক্সিক্ষত প্রকৃত সুবিধা নাও পেতে পারেন। তাই পে-স্কেলের সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নীতিও সমান গুরুত্বে দেখতে হবে। বাজার ব্যবস্থাপনা, সরবরাহ চেইন ঠিক রাখা, সিন্ডিকেট ও কৃত্রিম সংকট মোকাবিলা এবং প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা ছাড়া শুধু বেতন বাড়িয়ে জীবনযাত্রার মান টেকসইভাবে উন্নত করা কঠিন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি একটি অধিকার ও প্রয়োজনের সঙ্গে যুক্ত হলেও রাষ্ট্রের অর্থ সীমাহীন নয়। সরকারের রাজস্ব আয়, বাজেট ঘাটতি, ঋণের বোঝা, উন্নয়ন ব্যয় এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থায়ন সবকিছুর ওপর নতুন পে-স্কেলের প্রভাব পড়বে। একটি দায়িত্বশীল রাষ্ট্রকে তাই একই সঙ্গে দুটি বিষয় নিশ্চিত করতে হবে। একদিকে কর্মচারীদের ন্যায্য বেতন দিতে হবে, অন্যদিকে রাষ্ট্রের আর্থিক স্থিতিশীলতাও রক্ষা করতে হবে। কারণ আজ যে বেতন বৃদ্ধি দেওয়া হচ্ছে, তার ব্যয় আগামী বহু বছর ধরে রাষ্ট্রকে বহন করতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অপ্রয়োজনীয় সরকারি ব্যয় কমানো। রাষ্ট্রের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ জরুরি। প্রকল্পের নামে অপচয়, অপ্রয়োজনীয় প্রশাসনিক ব্যয় কিংবা কম ফলপ্রসূ খাতে অতিরিক্ত বরাদ্দ রেখে একদিকে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর অর্থ খোঁজা দীর্ঘমেয়াদে কার্যকর নীতি হতে পারে না।