আগামীকাল মঙ্গলবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক এক প্রাক বাজেট সংলাপ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংলাপে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী প্রতিনিধি এবং শিক্ষাখাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ।

শিক্ষাখাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক প্রাক-বাজেট সংলাপ অনুষ্ঠানের প্রসঙ্গে গতকাল রোববার জাতির উদ্দেশে তিনি বলেছেন, জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশের মানুষের আশা-আকাক্সক্ষা ধারণ করে একটি মডেল বাজেট প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করবে। তারই অংশ হিসেবে আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনকে সামনে রেখে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা একটি দেশের জাতীয় বাজেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত। এ খাতের বাজেট ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত, অর্থবহ পরিবর্তনের জন্য কী ধরণের পলিসি নেয়া দরকার, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণসহ সামগ্রিক বিষয়ে শিক্ষা-সংশ্লিষ্ট স্টেকহোল্ডারগণের মতামত জানা প্রয়োজন বলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনে করে।