সংসদ রিপোর্টার
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়ে আলোচনা শেষে তা সংসদে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে বৈঠক চলাকালে কমিটির দুই সদস্য ওয়াকআউট করেছেন।
গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, সভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক প্রতিবেদন প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে বিলটি সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এ বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ নেওয়ায় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
এদিকে, বৈঠক চলাকালে কমিটির দুজন সদস্য মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে।
এটিই কমিটির সদস্যদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’
বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। সভায় উল্লেখ করা হয়, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকা- ঘটেনি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথাও মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও সভায় জানানো হয়।
সভায় মিরাজ শেখের অপহরণের প্রসঙ্গটি উঠে আসে। এ বিষয়ে বলা হয়, এই অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেইম গেম’ পরিহার করা উচিত বলে সভায় মত প্রকাশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সংসদ সদস্য শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।
এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদে পাসের সুপারিশ পেল ‘সম্পত্তি হস্তান্তর’ ও ‘মানবাধিকার কমিশন’ বিল
‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ ও ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাসের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বৈঠকে বিল দুটির ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এরপর বিলসমূহ পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে তা সংশোধিত আকারে সংসদে পাসের জন্য সুপারিশ করে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি মুহাম্মদ নওশাদ জমিরের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এমরান আহমদ চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আলফারুক আব্দুল লতীফ।
এ ছাড়া বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।