বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের ছোট ভাই আবদুল আলিমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল রোববার এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মরহুম আবদুল আলিম একজন গুণী ও পরহেযগার মানুষ ছিলেন। তিনি অতি সাধারণ জীবন-যাপন করতেন। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য, আবদুল আলিম (৫৬) রোববার দুপুরে পুকুরে গোসলের সময় পানিতে ডুবে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং ইতিপূর্বে দুইবার স্ট্রোক করেছিলেন। মৃত্যুকালে তিনি মমতাময়ী মা, সহধর্মিণী, ৩ ছেলে, ১ মেয়ে, ১ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাক্সক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা আজ ১৮ মে সকাল ৮টায় তার বাড়ি সংলগ্ন ভাংগাপুস্করনী আদর্শ মহিলা আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।