যশোর সংবাদদাতা: যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক মনোয়ার হোসেন (৩৩) নিহত হয়েছেন এবং তার সহকারী (হেলপার) রায়হান (২৯) গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আহত রায়হান অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জানান, ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬ নম্বরের ট্রাকটি নিয়ে তারা আকিজ রিসোর্সের কয়লার ডিপোতে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় ট্রেন চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জে বাস মোটরসাইকেল সংঘর্ষে জাহিদুল ইসলাম (২২) নামে এক কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি হবিগঞ্জ সরকরী বৃন্দাবন কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। প্রতিবাদে শিক্ষার্থীরা প্রায় ১ঘন্টা সড়ক অবরোধ করেন। নিহত জাহিদুল ইসলাম হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল হামিদের ছেলে।

রোববার দুপুরে শহরতলীর ধুলিয়াখাল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।

জৈন্তাপুর (সিলেট) : সিলেটের জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ১ মোটর সাইকেল আরোহী নিহত, অপর জন আহত।

১০ মে রবিবার বিকাল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগান গেইট সংলগ্ন স্থানে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটর সাইকেলের মুখো মুখি সংঘষের ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলে নিহত হন। সাথে থাকা অপর আরোহী একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুত্বর আহত হন।

ঘটনার পরপর স্থানীয় জনতা এগিয়ে এসে গুরুত্বর আহত তাহের আহমদকে উদ্ধার করে সিলেট এমএজি হাসপাতালে প্রেরণ করেন।

দুর্ঘটনায় বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানায়, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়।

বুড়িচং সংবাদদাতা : কুমিল্লার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় শান্ত ইসলাম (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুর ২টার দিকে কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া পশ্চিমপাড়ার মরহুম জায়েদ মিয়ার নাতি শান্ত ইসলাম মোটরসাইকেলযোগে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে ইছাপুরা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।