গতকাল শনিবার দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এর মধ্যে যশোরে তিনজন, কুষ্টিয়ায় চারজন, দিনাজপুরে তিনজন, গাজীপুরে একজন ও ফরিদপুরে একজন মারা গেছেন। এসব ঘটনায় অন্তত ২২ জন গুরুতর আহত হয়েছেন।

যশোর: যশোর-খুলনা মহাসড়কের চাঁচড়া তেল পাম্প এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাঁচড়া তেল পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যানবাহন ও একটি ইজিবাইকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।