যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে| এ ঘটনায় ট্রাকচালক মনোয়ার হোসেন (৩৩) নিহত হয়েছেন এবং তার সহকারী (হেলপার) রায়হান (২৯) গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে|
নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে| আহত হেলপার রায়হান একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে|
আহত রায়হান অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জানান, ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬ নম্বরের ট্রাকটি নিয়ে তারা আকিজ রিসোর্সের কয়লার ডিপোতে যাচ্ছিলেন| রেললাইন পার হওয়ার সময় যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়| এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়| দুর্ঘটনার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন|
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের আঘাতে ট্রাকচালক মনোয়ার হোসেন ছিটকে রেললাইনের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান| পরে স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপার রায়হানকে উদ্ধার করে হাসপাতালে পাঠান| দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে|
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে| সেখানে কোনো গেটম্যান বা কার্যকর সংকেত ব্যবস্থা না থাকায় চালকরা ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করতে বাধ্য হন| স্থানীয় মোটর শ্রমিক নেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, আকিজ রিসোর্সের কয়লার ডিপোতে প্রবেশ করতে হলে যশোর-খুলনা রেললাইন অতিক্রম করতে হয়| কিন্তু ক্রসিংটিতে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে| এ অব্যবস্থাপনার কারণেই একজন ট্রাকচালক প্রাণ হারিয়েছেন এবং তার সহকারী আহত হয়েছেন|
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, রোববার দুপুরে যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক উল্টে যায়| ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন এবং হেলপার আহত হন| পরে মরদেহ উদ্ধার করা হয়েছে| এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে| বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে|
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে| দুর্ঘটনার কারণে কিছু সময় ট্রেন চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়|