ঝালকাঠী সংবাদদাতা : ঝালকাঠী পৌরসভার শ্মশান ঘাট এলাকায় গত ৬ এপ্রিল সংঘটিত অগ্নিকা-ে ভস্মীভূত হওয়া ১৭টি নিঃস্ব পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

রোববার বিকেল ৩টায় ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানদের হাতে অনুদানের চেক তুলে দেন এবং তাদের দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন।

চেক হস্তান্তর কালে প্রশাসক বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আগুনে যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তাদের এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। জেলা পরিষদ সবসময়ই অসহায় মানুষের পাশে থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান।

চেক গ্রহণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা জেলা পরিষদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “হঠাৎ আগুনে আমাদের সবকিছু পুড়ে গেছে। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। এই সহায়তা আমাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগাবে।” অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রশাসনের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।