চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে একটি বাস নাজিরহাটের দিকে যাচ্ছিল। চারিয়া বোর্ড স্কুল এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে আহতদের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহের নিগার কুমকুম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত প্রায় ২০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে পাঁচজন গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।