কিশোরগঞ্জের নিকলীতে উলামা ও সমমনা ঐক্য পরিষদের উদ্যোগে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় নিকলী সদরের মোহরকোনা এ.ডি. আলিম মাদ্রাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাকশ্রী মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শামছ উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ‘মাকতাব আল ফাতাহ’-এর লেখক ও গবেষক মাওলানা গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সুপার মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ ডা. কফিল উদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ জজকোর্টের আইনজীবী শামছুল আলম, নানশ্রী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আওয়াল, নিকলী জিসিপি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল্লাহ আল মুহসিন, মোহরকোনা আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন, তারাকান্দি ফাজিল মাদ্রাসার আরবি লেকচারার মাওলানা মোস্তাফিজুর রহমান, বনগ্রাম গাউসিয়া আলিম মাদ্রাসার প্রভাষক আতিকুর রহমান কাশেম দৌলতি এবং ছাতিরচর ইমাম হাসান ও হোসাইন (রা.) দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আমিনুল হাসানসহ অনেকে।

অনুষ্ঠানে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন সিঙ্গারপাড় আদর্শ দাখিল মাদ্রাসার সুবর্ণা মোস্তফা বুশরা, মোহরকোনা এ.ডি. আলিম মাদ্রাসার ইকরা, টেঙ্গুরিয়া হাজি আহমদ আলী মাদ্রাসার মারিয়া আক্তার ও ইসরাত জাহান জেবিন।

এ ছাড়া মেধাবী শিক্ষার্থীদের মধ্যেও সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন বাইতুল মিয়া ইফাজ, তাসফিয়া হক, মানসুরা, ঝর্ণা আক্তার, জান্নাত আক্তার, মোহাম্মদ রুবেল, মোসাম্মৎ সান্তনা, খালাত মাহমুদ তানভীর, নাহিদা আক্তার, নাজমুল অলিউল্লাহ, আশরাফ আলী, শফিকুল, শহীদুল্লাহ আকাশ, মোহাম্মদ ইয়াসিন, জান্নাতুল ফেরদৌস, হোসাইন মিয়া, আজহার মিয়া, মো. জুবায়ের আহমেদ লাদেন, ইয়াহিয়া আলো হুনাইদী ও মিমসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে।

অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।