রাজধানীর বনানীতে ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেতু ভবনের পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই পুরুষ। তবে তারা পথচারী নাকি বাসের যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) এ কে এম মইনুদ্দিন। তিনি জানিয়েছেন, ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মহাখালী থেকে গাজীপুর যাওয়ার পথে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।