নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা : নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর (পশ্চিমপাড়া) গ্রামে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর জন্য তৈরি করা ধোঁয়া থেকে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্র, ফায়ার সার্ভিস ও জনপ্রতিনিধিদের তথ্যমতে, গত ২২ মার্চ (বুধবার)দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সাহাবুরের ছাগলঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িতে।
অগ্নিকা-ে সাহাবুরের ছাগলঘরে থাকা ৮টি ছাগল পুড়ে মারা যায় এবং আরও ২টি গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে আগুন পাশের পশ্চিমদিকে অবস্থিত মৃত কোরবান আলীর ছেলে আবু তাহেরের টিনশেড বসতবাড়ি এবং উত্তর পাশে আবুল কালাম আজাদের বাড়িতে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আবু তাহেরের ঘরের নগদ ২০ হাজার টাকা ও আসবাবপত্র পুড়ে যায়। অন্যদিকে আবুল কালাম আজাদের সংরক্ষিত ভুট্টাসহ বিভিন্ন শস্য আগুনে নষ্ট হয়। সব মিলিয়ে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় থেকে দুই লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মাসুদ তালুকদার। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নিজ তহবিল থেকে প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরবর্তীতে সরকারি সহায়তার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল গনি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ খান, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন প্রমুখ।