গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়া এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে গত মঙ্গলবার সকালে দ্রুত গতির বাস এসে সজোরে ধাক্কা দেয়, এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে চাপা পড়ে শান্ত মিয়া (২৬) নামে বাস চালকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় বাসের আরও তিন যাত্রী আহত হন। শান্ত গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের কুপতলা গ্রামের লুৎফর রহমানের ছেলে। অন্য আহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার ছাইতানতলা এলাকার মজিবর রহমানের ছেলে সিজু মিয়া (৩০), কুড়িগ্রামের চিলমারী উপজেলার মাঝিপাড়ার বিষ্ণু রায়ের স্ত্রী সাথী রাণী (২০) ও বগুড়ার শিবগঞ্জ গণকপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে মানিক মিয়া (৩১)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়ায় নিমার্ণাধীন ফ্লাইওভারের নিচে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী সৈকত ট্রাভেলসের একটি বাস ওই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে বাসচালকের এক পা সম্পূর্ণ ও আরেক পা আংশিক বিচ্ছিন্ন হয়ে গেছে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস রেজিস্ট্রেশন অফিসার মাসুদ রানা জানান, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।