ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে একটি ভবনে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈয়ব আলী (৩৮) নামে এক রংমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়ব আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হাজি মতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে এক সহকর্মীকে নিয়ে শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত আক্তার ফার্মেসি ভবনে রঙের কাজ করছিলেন তৈয়ব আলী। কাজের একপর্যায়ে ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের সংস্পর্শে এলে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই বিদ্যুৎ অফিসে খবর দেওয়া হলেও দ্রুত সাড়া না পাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পরে স্থানীয়রা নিজেরাই দড়ি ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালান। একপর্যায়ে বিদ্যুতের তারে আটকে থাকা অবস্থায় তিনি ছিটকে পিচঢালা সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন।

জানা গেছে, ঘটনাস্থলের ভবনটি ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেনের মালিকানাধীন।

এদিকে, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সময় কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে কীভাবে ব্যস্ততম এলাকায় এ ধরনের কাজ পরিচালনা করা হচ্ছিল, তা রহস্যজনক। পাশাপাশি পৌরসভার অনুমতি ও তদারকির বিষয়টিও প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন তারা। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায় নিরূপণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।