চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় মোটরসাইকেল দূঘর্টনায় যুবক এবং ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে। রবিবার রাত ১১টার সময় আশরাফুল ইসলাম (৩৫) মটরসাইকেল দূর্ঘটনায় এবং সোমবার সকাল ৮ টার ইউসুফ আলী (৯) স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয়। সংশ্লিষ্ট সুত্রে জানাযায় রবিবার রাত নয়টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বকশিপুর গ্রামের মমিনুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম ও নারায়ণপুর ইউনিয়নের পেটভরা গ্রামের মন্টু মিয়ার ছেলে ওলিদ (৩৬) মোটরসাইকেল যোগে নিজেদের বাড়িতে যাচ্চিল। পথিমধ্যে তারা বকশিপুর গ্রামের ইটভাটার নিকট পৌঁছালে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় পতিত হয়। স্থানীয় জনগণ তাদেরকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে পরবর্তীতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে আশরাফুল ইসলাম মৃত্যবরণ করে। এদিকে সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের আব্বাস আলী ওরফে কালুর ছেলে ইউসুফ আলী (৯) একই গ্রামের পরশমনি কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে হাকিমপুর বাজারের নিকটে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক (খুলনা মেট্রো- ট- ১১-১৪৭১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। ট্রাকের চালক রেজাউল ইসলাম পালিয়ে গেছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ মমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।