খুলনায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-বাটিয়াঘাটা উপজেলার ভাদগাতি এলাকার বাসিন্দা মহিউদ্দিন শেখের ছেলে তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮)। মঙ্গলবার (১৪ এপ্রিল) দৌলতপুর থানার রেলিগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলতলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক ও তার স্ত্রীর মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এর আগে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা গেলেও তার চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বেনাপোল : বিজিবির থ্রী-টন গাড়ির সাথে ধাক্কা লেগে রোমান হোসেন (২১) নামে এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত রোমান যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের সুমন হোসেনের ছেলে।
রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর দায়িত্ব এলাকা আমড়াখালি চেকপোস্টের সামনে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর ১টি থ্রী টন সুনামপূর্ণ গঞ্জ - উ ১১-০০০২ নম্বরের একটি গাড়ি খুলনা ব্যাটালিয়ন সদর হতে সীমান্তে জনবল নিয়ে যাওয়ার সময় এক সাইকেল আরোহী রোমান হোসেন এর সাথে জোরে ধাক্কা লেগে পড়ে গিয়ে মাথায় এবং বুকে প্রচ- আঘাত পায়।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের গাড়িতে করে ২১ বিজিবির মেডিকেল সহকারী হাবিলদার মিজানুর রহমান শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উক্ত রোগীকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরী বিভাগের ডাক্তার বিচিত্র মল্লিক তাকে মৃত ঘোষণা করেন ।
খোকসা কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসা উপজেলায় ট্রাকের চাকা মেরামতের সময় আকস্মিক বিস্ফোরণে পরবেশ (৪০) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত পরবেশ যশোর জেলার চুরামনকাঠি এলাকার বাসিন্দা আনোয়ার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৯৬০৮) কুষ্টিয়া হয়ে মাদারিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটির একটি চাকার অতিরিক্ত চাপের কারণে রিং ক্ষতিগ্রস্ত হয়। পরে সেটি মেরামতের জন্য খোকসা বাসস্ট্যান্ড এলাকার একটি গাড়ি সার্ভিসিং দোকানে নেওয়া হয়।
মেরামতের সময় হঠাৎ করেই বিকট শব্দে চাকার রিং বিস্ফোরিত হয়। এতে চালক পরবেশ গুরুতর আহত হন। বিস্ফোরণের তীব্রতায় তার মুখম-ল মারাত্মকভাবে থেঁতলে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইট বোঝাই পাওয়ার টিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ রানা নামে একজন নিহত হয়েছেন। এতে পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম (৩৭) গুরুতর আহত হয়।= রোববার ( ১২ এপ্রিল) বিকালে দামুড়হুদার জয়রামপুর কাঠালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা দামুড়হুদা উপজেলার জয়রামপুর স্টেশন পাড়ার মৃত শামীম হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, রবিবার দুপুরে মাসুদ রানা নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে দামুড়হুদার দিকে যাচ্ছিলেন। এ সময় জয়রামপুর কাঠালতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় পাওয়ার টিলার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় মোটরসাইকেল আরোহী মাসুদ রানা ও পাওয়ার টিলার চালক সাইফুল ইসলাম ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।
আমতলী (বরগুনা) : আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে টেপুরা বাজারে সোমবার সকালে অটোরিক্সার চাপায় জুনায়েদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জুনায়েদ পাশ্ববর্তী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের মো. আবু সায়ীদ এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জুনায়েদ ও তার বড় ভাই হলদিয়া ইউনিয়নে গাজী কালুর দরগাহে রবিবার রাতে অনুষ্ঠিত বাৎসরিক ওরশ মাহফিলে খাবারের দোকান দিয়েছিলেন। দোকানের মালামাল নিহত জুনায়েদ অটোযোগে বাড়ি যাচ্ছিলেন। টেপুরা বাজার তিন রাস্তার মোড় এলাকায় পৌছামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পরে যায়। এসময় অটোটি তার মাথার উপর পরলে ঘটনাস্থলেই জুনায়েদ প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার কওে থানায় নিয়ে আসে।