হবিগঞ্জ, নোয়াখালী ও মুন্সিগঞ্জ গজারিয়া পৃথক ব্রজপাতের ঘটনায় ৫ জন এবং সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে মোঃ রবিন মিয়া (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি তাহের শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দৌলতখা আবাদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রবিন মিয়া ওই এলাকার ইয়াকুত মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই রবিন মিয়া এসএসসি পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হন। বাড়ির সামনে রাস্তায় যানবাহনের জন্য অপেক্ষারত অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনা ও বজ্রপাতের ঘটনায় এক শিশুসহ চারজনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় একজন এবং বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে কবিরহাটে সড়ক দুর্ঘটনা এবং সোমবার ও মঙ্গলবার পৃথক সময়ে তিনটি উপজেলায় বজ্রপাতের এ ঘটনাগুলো ঘটে।

গতকাল বিকেলে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের জোড়ালগঞ্জ সড়কে ধানবোঝাই গাড়ি ও গাছবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মিয়া (৩১) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন—মোহাম্মদ রুবেল (২৬), মোহাম্মদ হান্নান (৩৯) এবং মোহাম্মদ জামাল (৪১)।

জানা যায়, গাড়ি দুটির সংঘর্ষের তীব্রতায় সেগুলো দুমড়েমুচড়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে মোহাম্মদ মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকরা তাঁদের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে তদন্ত ও উদ্ধার কাজ চালিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে সুবর্ণচর উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে হাঁটতে বের হয়ে বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষার্থী তানজিলা আক্তার (১৭)। তিনি ইসমাইল ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। সোমবার দুপুরে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে বাড়ির আঙিনায় খেলার সময় বজ্রপাতে শিশু মো. আয়মান (৯) প্রাণ হারায়। একই দিন দুপুরে মাঠ থেকে বাদাম তুলে ফেরার পথে বজ্রপাতে হাতিয়া উপজেলার ব্যবসায়ী আরাফাত (২১) ঘটনাস্থলেই মারা যান।

একের পর এক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বৈরী আবহাওয়ার এই সময়ে স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

গজারিয়া সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় বজ্রপাতে মো. শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. শাহাদাত হোসেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কলসেরকান্দি গ্রামের মৃত: লোকমান সরদারের ছেলে। জানা যায়, সকালে বৃষ্টির সময় শাহাদাত হোসেন তাঁর গরু আনতে বাড়ির পাশের মাঠে যান। এসময় বজ্রাঘাতে অচেতন হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।