গতকাল সোমবার ভোররাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে রডবাহী ট্রাক উল্টে ১৫ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। এছাড়াও সড়ক দুর্ঘটনায় বগুড়ায় ৪ জন, নওগাঁয় ২জন এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে, পার্বতীপুর ও গাইবান্ধায় ১ জন করে নিহত হয়েছে। সব মিলিয়ে গতকাল সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের প্রেরিত খবর:
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে রড বোঝাই ট্রাক উল্টে ১৫ নিহত ও ১০ জন আহত হয়েছে। ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে ফিরছিলেন তারা ; সবাই নি¤œ আয়ের শ্রমজীবী মানুষ। ফেনী থেকে ছেড়ে আসা রড বোঝাই ট্রাক টাঙ্গাইলে এসে উল্টে নিহত হওয়া ১৫ জন মূলত নি¤œ আয়ের শ্রমজীবী মানুষ। তারা চুল ও ভাঙ্গারি মোবাইল ফেরি করতেন। ঈদে কম খরচে বাড়ি ফিরতে ট্রাকে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তারা। কিন্তু টাঙ্গাইলের যমুনার কাছাকাছি আসলে দুর্ঘটনার শিকার হোন তারা।
গতকাল সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার রাজেন্দ্রবাড়ী গ্রামের মো. সাগর মিয়া (২০), একই গ্রামের রবিউল ইসলাম (২৫), নিয়ামতপুর উপজেলার মালঞ্চী গ্রামের সারিকুল (২০), রাজশাহী জেলার তানোর উপজেলার বাতানপুর গ্রামের ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের মামুন (৪৫)।
আর আহতরা হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার ডেমরা গ্রামের বাবু (৩৫), সমেজ (২১), হোসেনপুর গ্রামের আব্দুল রহমান (৩৫), দশপাড়া গ্রামের তুহিন (২৪), পাকুরিয়া গ্রামের আলমগীর (৪০), সিদ্দিক আলী (৪০), রাজেন্দ্রবাড়ী গ্রামের খোরশেদ (২৬), নাটোরের গুরুদাসপুর গ্রামের নয়ন বিশ্বাস (২২) এবং পাবনা জেলার আমিনপুর উপজেলার নওয়াবাড়ী গ্রামের শেখ রতন (৩৫)।
আহত শেখ রতন জানান, তারা সকলেই ফেনী শহরের বিভিন্ন এলাকায় বসবাস করেন। সেখানে অকেজো মোবাইল ফোন এবং বিভিন্ন পার্লার থেকে চুল ক্রয় বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। ঈদ উপলক্ষে তারা সকলেই একসাথে বাড়ি যাচ্ছিলেন। বাসে ভাড়া বেশি হওয়ায় জনপ্রতি সাড়ে পাঁচশ টাকায় রড বোঝাই ট্রাকে উঠে পড়েন। ভোর আনুমানিক সাড় ৪ টার দিকে ট্রাকটি মহাসড়কের খাদে উল্টে পড়ে যায়। অনেকেই রডের নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন এসে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
এদিকে পুলিশ জানায়, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জেলা আমীরের ঘটনাস্থল পরিদর্শন
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলের অন্যত্র মটর বাইক দুর্ঘটনায় ১ জন, ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত ও ১০ জন হয়েছে। নিহত ও আহত হওয়ার খবর শুনে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।
এদিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ও আহতদের খোঁজ খবর নিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন জেলা আমীর আহসান হাবীব মাসুদ।
বিবৃতিতে তিনি বলেন, “ ২৫ মে ভোর ৪টার দিকে টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই ট্রাক উলটে মর্মান্তিকভাবে ১৫ জন, মটর বাইক দুর্ঘটনায় ১ জন, ট্রেনে কাটা পড়ে ১ জন নিহত এবং আরও ১০ জন গুরুতরভাবে আহত হওয়ার সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে পরিবহন মালিক সমিতি, চালক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ওভারলোড এড়িয়ে চলা, ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা এবং গাড়ির চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানন। একই সঙ্গে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং এই কঠিন শোকে তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারনের তাওফিক প্রদানের জন্য মহান আল্লাহ তা’আলার দরবারে দোয়া করেন।
বগুড়া অফিস: বগুড়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। শাজাহাপুরের বনানীতে বাবা-মেয়ে এবং কাহালুতে মা-মেয়ের মৃত্যু হয়। প্রথম দূর্ঘটনায় ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন। জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত আনিছুর রহমানের স্ত্রী আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, রংপুরে বেসরকারি সংস্থা ব্র্যাকে কর্মরত আনিছুর রহমান তার স্ত্রী আয়েশা বেগম এবং দুই বছর বয়সী কন্যা পুষ্পকে নিয়ে সোমবার ঈদের ছুটিতে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক যানের ধাক্কায় তারা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত এবং আয়েশা বেগম আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সকাল ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন এবং আহত আয়েশা বেগমকে হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, কাহালুতে বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছে। সোমবার বিকেলে কাহালু উপজেলার কাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেমি আকতার (৪০) ও তার মেয়ে তনু আকতার (২০)। দূর্ঘটনায় রিকশা-ভ্যান চালক আহত হয়েছেন। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাহালু থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। পুলিশ কর্মকর্তা জানান, জেমি আকতার তার মেয়ে তনুকে নিয়ে ভ্যানযোগে কাজিপাড়া থেকে বিবিরপুকুরের দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহীগামী একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং আহত ভ্যান চালককে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি আরও বলেন, লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এবিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
পতœীতলা (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পতœীতলা উপজেলায় গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে নজিপুর-ধামইরহাট সড়কের গাহন মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন, নওগাঁর মহাদেবপুর থানার সুজাইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু হাসান (৪৬)। তিনি পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন। অপর নিহত ব্যক্তি ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে একটি অটোভ্যান নজিপুর-ধামইরহাট সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোভ্যান চালক আবু হাসান ও যাত্রী তরিকুল ইসলামের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পতœীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।
এ বিষয়ে মো. নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মানিকগঞ্জে বাস ও গ্যাসবাহী লরির সাথে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকা-
মানিকগঞ্জ সংবাদদাতা: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মুলজানে যাত্রীবাহী বাস ও বিপরীতগামী গ্যাসবাহী লরির সাথে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
এতে যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (২৫ মে) দুপুরে সদর উপজেলার মুলজান এলাকায়
এ দুর্ঘটনাটি ঘটে। এঘনায় ঈদে ঘরমুখো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মুলজান এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই লরিটির গ্যাস ট্যাংকিতে লিকেজ দেখা দিলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে সড়কের ওপর আগুন ধরে, পরে তা দ্রুত বাসে লেগে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন বাসের পুরো অংশে ছড়িয়ে পড়ে এবং চারদিকে গ্যাস ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি হয়।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হলেও যাত্রীদের সঙ্গে থাকা কিছু মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। আগুনের তীব্রতায় যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, সংঘর্ষের পর প্রথমে সড়কের ওপর আগুন ধরে এবং পরে তা বাসে ছড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়। যাত্রীরা দ্রুত নেমে গেলেও তাদের কিছু মালামাল আগুনে পুরে নষ্ট হয় যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দুপুর পৌনে ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
পার্বতীপুর সংবাদদাতা: পার্বতীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তৈয়বুর রহমান নামে এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন এক নারী ও তার দুই বছর ছয় মাস বয়সী শিশু সন্তান। দুর্ঘটনার পর আগুন লেগে পুড়ে যায় মোটরসাইকেলটি।
রবিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার এরশাদ নগর মোড় এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত তৈয়বুর রহমান উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের তমেজ উদ্দীনের ছেলে।
আহতরা হলেন শারমিন (২৫) ও তার ছেলে সামিউল ইসলাম। তাদের প্রথমে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, মোটরসাইকেলে করে শারমিন ও শিশুসন্তানকে নিয়ে পার্বতীপুর শহর থেকে বাড়ি ফিরছিলেন তৈয়বুর রহমান। পথে পার্বতীপুর থেকে ভবানীপুরগামী দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়েন সড়কে। ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান তৈয়বুর রহমান।
দুর্ঘটনার পর ট্রাকের সামনের বাম্পারে আটকে যায় মোটরসাইকেলটি। এরপরও গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন ট্রাকচালক। কিছু দূর যাওয়ার পর আগুন ধরে যায় মোটরসাইকেলে। এতে মোটরসাইকেল ও ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে ট্রাকচালক পালিয়ে যেতে সক্ষম হন।
এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়কে অবস্থান নিলে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এতে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া।
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় সাবেক দায়রা জজ নিহত
গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ফিলিং স্টেশন এলাকার রংপুর আঞ্চলিক সড়কে গত রোববার সাড়ে রাত ১০টার দিকে ড্রাম ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আউয়াল (৫৫) নামে সাবেক দায়রা জজ নিহত হয়েছেন। নিহত আব্দুল আউয়াল ওই ইউনিয়নের মনিরাম গাজীর মোড় গ্রামের সৈয়দ ব্যাপারীর ছেলে।
স্থানীয়রা জানায়, গাইবান্ধা জজ কোর্টে আইন পেশার কাজ শেষে এক মুহুরীর (আইনজীবীর সহকারী) সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন আব্দুল আউয়াল সরকার। পথে রাত সাড়ে ১০টার দিকে বামনডাঙ্গা ফিলিং স্টেশন সংলগ্ন শ্মশান এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি সর্বশেষ গাজীপুর জেলার অতিরিক্ত দায়রা জজ ছিলেন ও বর্তমানে গাইবান্ধা জজ কোর্টে আইনজীবী হিসেবে প্রাকটিস করছিলেন।
নিহতের ভাতিজা রাশেদুল ইসলাম বলেন, আব্দুল আউয়াল সর্বশেষ গাজীপুর জেলার দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দলটির তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে একটি শালবন সংক্রান্ত বিষয়ে অন্যায় সুবিধা না দেওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছিল। তখন থেকেই তিনি বরখাস্ত অবস্থায় ছিলেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকচালক নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এছাড়া প্রাইভেটকারের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গত রোববার দিবাগত রাত ২টা থেকে সোমবার ভোর সাড়ে ৪টার মধ্যে দোগাছি ও সমষপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত ২টার দিকে দোগাছি সেনা ক্যাম্পের সামনে দুটি মালবোঝাই ট্রাকের সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।
দুর্ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতর আটকা পড়েন। পরে তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত ট্রাকচালক মো. হোসেন (৩৫) চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।
অন্যদিকে ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর যাত্রী ছাউনির সামনে মাওয়ামুখী লেনে দুটি বাস ও প্রাইভেট কারের মাঝে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারের তিন যাত্রী গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের উভয় স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোর থেকে কয়েক ঘণ্টা যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।