শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে কাভার্ড ভ্যানের চাপায় তানভীর ইসলাম আরিয়ান (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখ- গ্রামের আনসার রোড এলাকায়, কেওয়া পূর্বখ- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান দিনাজপুরের কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকার পোশাককর্মী সজল ইসলামের ছেলে এবং স্থানীয় ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল আরিয়ান। এ সময় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান হঠাৎ পেছনে নিতে গেলে সীমানা পিলার ও ভ্যানের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।