ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সম্প্রতি ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জাহানুর আলি জানায়, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেলে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌছলে মাহিন্দ্র গাড়ির সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা রাস্তায় ছিটকে পরে। সেসময় সামনের দিক থেকে আসা বালি বোঝায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই দুই কিশোর। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।