ববি সংবাদদাতা : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ঘটনায় ৪ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে ট্যাংকলরি মালিক সমিতি। রোববার (১৯ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যস্থতায় এই মীমাংসা হওয়ার পর শিক্ষার্থীরা তাদের আন্দোলন ও সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

গত শনিবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রিজের উপর তেলবাহী একটি লরির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন তামিম। দুর্ঘটনায় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ততখনাৎ স্থানীয় ও সহপাঠীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

শনিবারের ঘটনার পর মালিক সমিতি ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও রোববার নির্ধারিত সময় দুপুর ১২টার মধ্যে তারা উপস্থিত হতে ব্যর্থ হয়। এতে ক্ষুব্ধ হয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। টানা ২ ঘণ্টা অবরোধের ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।