চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ওয়াসার পয়নিষ্কাশন প্রকল্পের খননকাজ চলাকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত শ্রমিকরা হলেন মো. রাকিব (৩০) ও মো. আইনুল ইসলাম (২২)। আহত দুই শ্রমিক সাগর ও এরশাদ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর মাটিচাপা পড়া চার শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে রাকিব ও আইনুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার পয়নিষ্কাশন প্রকল্পের আওতায় পাইপ বসানোর আগে ‘ট্রায়াল পিট’ খননের মাধ্যমে মাটির অবস্থা যাচাইয়ের কাজ চলছিল। প্রায় আড়াই মিটার গভীর পর্যন্ত মাটি খোঁড়ার পর হঠাৎ ধস নামে এবং শ্রমিকরা যন্ত্রপাতিসহ মাটিচাপা পড়েন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে শ্রমিকদের বাইরে নিয়ে আসেন।
প্রকল্পের পরিচালক (পিডি) মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ভোরের দিকে ট্রায়াল পিট খননের সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, “ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।” পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ‘চট্টগ্রাম মহানগরের পয়নিষ্কাশনব্যবস্থা স্থাপন’ প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পের আওতায় দৈনিক ১০ কোটি লিটার ক্ষমতাসম্পন্ন পয়ঃশোধনাগার, ৩০০ ঘনমিটার সক্ষমতার সেপটিক বর্জ্য শোধনাগার এবং প্রায় ২০০ কিলোমিটার পয়োনালা নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলতি বছরের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।