দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন উভয় প্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এ বৈধতা ঘোষণা করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বেলা ১২টার দিকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোট প্রার্থী অলি আহমদের দাখিল করা কাগজপত্র সঠিক পাওয়ায় তাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।
মনোনয়ন বাছাইয়ের সময় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বাছাইয়ের সময় ১১ দলের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের জামায়াতে ইসলামীর দলীয় সংসদ সদস্য আবদুল বাতেন, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, এলডিপির মহাসচিব বিল্লাল মিয়াজী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ফখরুল ইসলাম প্রমুখ।
মনোনয়নের বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আজকে মনোনয়নপত্র পরীক্ষার দিন ছিল। আমরা অলি আহমেদের দুইটা মনোনয়নপত্র পেয়েছিলাম, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা পেয়েছিলাম। অলি আহমেদের মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে, বাছাই করে যথার্থতা পাওয়া গেছে। কাজেই সেটাই গৃহীত হয়েছে। পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেটা মনোনয়নপত্র, সেটাও যথার্থ পাওয়া গেছে। এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড।
তিনি বলেন, আগামী ১৮ তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের দিন এবং ২০ তারিখ দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন।
আগামী ১৮ আগস্টের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করলে এ দুই প্রার্থীর মধ্যেই ভোটাভুটি অনুষ্ঠিত হবে।