মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে কবিতা পাঠ, আবৃত্তি, গান ও জোরালো উচ্চারণের মধ্যদিয়ে ফিলিস্তিনের গাজায় গণহত্যা এবং বিশ্বজুড়ে জুলুম, অত্যাচার, নিপীড়ন, সহিংসতা, খুন ও ধর্ষণের প্রতিবাদ জানানো হয়েছে।

গত শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় কুমারখালী রেলস্টেশন চত্বরের কড়ইতলায় অভিনব এই প্রতিবাদের আয়োজন করে অনলাইন নিউজ পোর্টাল জুগের হাওয়া ও চ্যানেল সারাদিন। এতে স্থানীয় কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, সাংবাদিক, শিল্পী, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষকসহ নানান শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেন।

অভিনব এই অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত। কবি ও সাহিত্যিক লিটন আব্বাসের সঞ্চালনায় একে একে কেউ আবৃতি করছেন ‘কতো রক্ত হলে শান্ত হয় এই পৃথিবী, কেউ পাঠ করছেন প্যালেস্টাইনের জাতীয়তাবাদী কবি মাহমুদ দরবিশ, কেউবা গাইছেন ফকির লাইন শাহের মানুষ ভোঁজলে সোনার মানুষ হবি।’

সময়োপযোগী এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বাংলা একাডেমির কবি, সাহিত্যিক ও গবেষক সোহেল আমিন বাবু বলেন, অভিনব এই প্রতিবাদের মাধ্যমে সারা বিশ্বের সকল অন্যায়-অত্যাচার নিপাক যাক। এধরণী মানুষসহ সকল জীব ও প্রাণির বসবাসের জন্য নিরাপদ হোক।

আয়োজক আতাউর রহমান সুজন বলেন, ফিলিস্তিনের গাঁজাসহ বিশ্বজুড়েই বেড়ে চলেছে জুলুম, অত্যাচার, খুন, ধর্ষণ, সহিংসতাসহ সকল অপরাধ। এর বিরুদ্ধে মানুষ যেন কথা বলতে পারেন। তারই একটা প্লাটফরম তৈরির জন্য এ আয়োজন।