নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইলে এক অভিনব কায়দায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক দরিদ্র চালকের ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) সকালে নান্দাইল নতুন বাজার সংলগ্ন সিনেমা হল রোডে রানার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সাইকুল ইসলাম (৪৫) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, নান্দাইল উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের মৃত আক্তার উদ্দিনের ছেলে সাইকুল ইসলাম জীবিকা নির্বাহের জন্য ৫ দিন আগে কিস্তিতে ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যে একটি নতুন ব্যাটারিচালিত মিনি অটোরিক্সা ক্রয় করেন। আজ সকালে তিনি নান্দাইল পুরাতন বাজারের বিশাল মার্কেটের সামনে যাত্রী উঠানোর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাইকুলের অটোতে ওঠে। ওই ব্যক্তি জানায়, সে ওয়ারেন্টভুক্ত এক আসামী ধরতে যা”েছ। তাকে সহযোগিতা করার কথা বলে ওই প্রতারক চালককে প্রথমে নান্দাইল থানার সামনে, পরে নান্দাইল নতুন বাজার কলেজ গেট এবং কাঠ মেইল এলাকা হয়ে সিনেমা হল রোডে রানার মোড়ে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর প্রতারক ব্যক্তিটি সাইকুলকে বলে, “অটোটি এখানে রেখে আমার সাথে দুই মিনিটের জন্য একটু সামনে চলো।” সহজ-সরল সাইকুল তার কথা বিশ্বাস করে অটো রেখে কিছুটা সামনে এগিয়ে গেলে সুযোগ বুঝে ওই প্রতারক ব্যক্তি অটোটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। চালক ফিরে এসে দেখেন তাঁর অটো রিক্সাটি সেখানে নেই। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটির কোনো সন্ধান মেলেনি। বর্তমানে সহায় সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র চালক সাইকুল ইসলাম।

এ বিষয়ে ভুক্তভোগী সাইকুল ইসলাম বলেন, ‘আমার সব শেষ হয়ে গেলো, এখন আমি কিস্তি দিবো কিভাবে ? পরিবারের ৬ জন লোকের সংসার চালাবো কিভাবে ? আমার অটো রিক্সাটি ফিরত চাই’।

নান্দাইল মডেল থানার ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীকে শনাক্ত করে অটোটি উদ্ধারের চেষ্টা চলছে।