জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের জিয়ানগরে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও জিয়ানগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) রাতে জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকায় ঝালকাঠি সদর থানা পুলিশ ও স্থানীয় থানা পুলিশের যৌথ অভিযানে এই মালামাল উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ঝালকাঠি জেলা সদরের শ্যাডো কনস্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। গত ২ মার্চ ঝালকাঠি থেকে উক্ত বিটুমিন চুরি হয়ে গেলে ঠিকাদার মেজবা উদ্দিন ৫ মার্চ ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিটুমিন পরিবহনে ব্যবহৃত ট্রাকটি শনাক্ত করেন এবং চালককে আটক করেন। পরবর্তীতে আটককৃত চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে সেউতিবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে বিটুমিনগুলো উদ্ধার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম জানান, উদ্ধারকৃত বিটুমিনের স্বপক্ষে শাকিল মাহমুদ পলাশ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তবে অভিযুক্ত ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ দাবি করেছেন, উদ্ধার হওয়া ৫৮ ব্যারেলের মধ্যে ৪০ ব্যারেলের কাগজপত্র তার কাছে রয়েছে। বাকি ১৮ ব্যারেল বিটুমিন তার মালামালের সাথে কে বা কারা রেখেছে সে বিষয়ে তিনি অবগত নন।